শিকাগো ওপেন দাবায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব পঞ্চম স্থান অর্জন করেছেন। সাত ম্যাচে সাড়ে ৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে থাকা পাঁচজনের মধ্যে টাই-ব্রেকিং পদ্ধতিতে দেশের অন্যতম সেরা এই দাবাড়ু পঞ্চম হতে হয়েছে।
সাত ম্যাচের মধ্যে গ্র্যান্ডমাস্টার রাজীব ৪টিতে জয়ী হন, ২টি ম্যাচে ড্র করেন ও এক ম্যাচে হেরে যান। তিনি এ ইভেন্টে প্রথম রাউন্ডে থমাস কেনিথকে, তৃতীয় রাউন্ডে এনজিও বেচকে, চতুর্থ রাউন্ডে কলম্বিয়ার গ্র্যান্ডমাস্টার আলোনসো জাপাতাকে ও সপ্তম বা শেষ রাউন্ডে উজবেক গ্র্যান্ড মাস্টার ভাকিদভ জাখঙ্গীরকে হারান।
পঞ্চম রাউন্ডে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার প্রোহাসকা পিটার ও ষষ্ঠ রাউন্ডে মকোননিল সুলের সাথে ড্র করেন। দ্বিতীয় রাউন্ডে হেরেছেন আমেরিকার গ্র্যান্ডমাস্টার সের্গেই এরেনবুর্গের কাছে।
ওপেন বিভাগে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির বিলোয়াস সাড়ে ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ও ৬ পয়েন্ট পেয়ে বেলারুশের গ্র্যান্ডমাস্টার আলেকজান্দারভ আলেক্সিজ রানারআপ হন।
ওপেন বিভাগে মোট চার হাজার সাত শো মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে। গ্র্যান্ডমাস্টার রাজীব পঞ্চম পুরস্কার হিসেবে তিনশো মার্কিন ডলার অর্থ পুরস্কার পাবেন।
বিভিন্ন দেশের মোট ১৪ জন গ্র্যান্ডমাস্টার ও দুজন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ৫১জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশ নেন।
আনন্দবাজার/এফআইবি




