আজ (বৃহস্পতিবার) চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই প্রতিবেশী দেশ মুখোমুখি লড়াইয়ে নামছে। দুই দলেরই প্রথম ম্যাচ এবারের আসরে। সঙ্গে বলা যায় আগের আসরের সেমিফাইনাল পর্বের পুনরাবৃত্তি। ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের চেয়ে গত কয়েকদিনে কোনো অংশে কম আলোচনা হচ্ছিল না এই ম্যাচ ঘিরে। শক্তিশালী ভারতের বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে বিকেল ৩টায়।
ভারত ম্যাচকে সামনে রেখে দুবাইয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘জয় দিয়ে শুরু করতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবেই দলের প্রধান লক্ষ্য হলো- জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। এ জন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’
২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ফরম্যাটে পারফরম্যান্স তলানিতে হলোও এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার স্বপ্ন বাংলাদেশের। গত ওয়ানডে বিশ্বকাপের পর ১২টি ওয়ানডে খেলে মাত্র ৪টিতে জিতেছে টাইগাররা। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষেও পাত্তা পায়নি টিম টাইগার্সরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে খুব বেশি আশাবাদী নন রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্সের মত কিংবদন্তীরা। তাদের মতে, বড় দলকে হারানোর মত সামর্থ্য নেই বাংলাদেশের।
বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।




