৩৬ বছর পর ফ্রান্সকে হারিয়ে প্রায় আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। গোটা বিশ্ব মেতেছে মেসি-উন্মাদনায়।
বিভিন্ন সামাজিক মাধ্যমের উপচে পড়ছে মেসি ভক্তদের শুভেচ্ছাবার্তা। তেমনই এক টুইট করতে গিয়ে বিতর্কের জালে জড়ালেন ভারতের আসামের কংগ্রেস সাংসদ আব্দুল খালেক। সেখানে তিনি দাবি করেন, মেসির জন্ম ভারতের আসামে।
রোববার (১৮ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনা শিরোপা জয়ের পর আসামের বরপেটা কেন্দ্রের সাংসদ খালেক মেসিকে অভিনন্দন জানিয়ে টুইটারে লেখেন, ‘আমরা তোমার আসাম-যোগের জন্য গর্বিত।’
এরপরই মেসির ‘আসাম-যোগ’ সম্পর্কে জানতে চান এক টুইটার ব্যবহারকারী। প্রত্যুত্তরে সাংসদ আব্দুল খালেক লেখেন, ‘মেসির জন্ম আসামে’।
এদিকে ওই টুইট প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। নিজের ভুল বুঝতে পেরে পরক্ষণেই টুইটটি ডিলিট করে দেন সাংসদ খালেক। কিন্তু বিতর্ক তাতে থামেনি।
একজন সাংসদ হয়ে কেন মেসি সম্পর্কে এমন ভুল তথ্য দিলেন, তা নিয়ে সরব হন অনেকে। ওই টুইট ঘিরে টুইটারে শুরু হয় ট্রলিং।
আনন্দবাজার/শহক




