বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রথমবারের মতো চালু করেছে তাদের নতুন বার্ষিক স্বীকৃতি ‘শান্তি পুরস্কার’। আর উদ্বোধনী এই পুরস্কার লাভ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজ হাতে এই সম্মাননা তুলে দেন তাঁর হাতে।
ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে আয়োজন করা হয়েছে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। যদিও এখনো মূল ড্র প্রক্রিয়া শুরু হয়নি, সাংস্কৃতিক অংশের পরেই দেওয়া হয় নতুন প্রতিষ্ঠিত শান্তি পুরস্কারটি।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদান, বৈশ্বিক মানুষের মধ্যে ঐক্য সৃষ্টির প্রচেষ্টা এবং মানবতার কল্যাণে ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া ব্যক্তিদের স্বীকৃতি দিতেই এই পুরস্কার প্রদান করা হবে। সেই মানদণ্ডের ভিত্তিতেই প্রথম বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রাম্প।
পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, “এটি সত্যিই আমার জীবনের গুরুত্বপূর্ণ এক সম্মাননা। আমরা লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছি—বিশেষ করে কঙ্গোতে, যেখানে ১ কোটি মানুষের মৃত্যু হয়েছিল এবং আরও ১ কোটি মৃত্যুর সম্ভাবনা ছিল। এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্ভাব্য যুদ্ধও আমরা শুরু হওয়ার আগেই থামাতে পেরেছি।”
ফিফা সভাপতি ইনফান্তিনোকে প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, “জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। ফুটবল—অথবা যাকে আমরা সকার বলি—এর জন্য এটি একটি বড় অর্জন।”
তিনি আরও দাবি করেন, যে প্রচেষ্টার কারণে এখন পৃথিবী আগের চেয়ে বেশি নিরাপদ। তাঁর ভাষায়, “এক বছর আগেও যুক্তরাষ্ট্র ভালো অবস্থায় ছিল না। আর এখন আমরা বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ।”




