ভারতের পূর্বাঞ্চলের দিক থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। আগামীকাল শনিবার সকালের দিকে দেশটির অন্ধ্রপ্রদেশের উত্তর ও ওড়িশার দক্ষিণ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।
গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড়-সম্পর্কিত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ শুক্রবার বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হতে পারে। এবং আগামিকাল শনিবার সকালের মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূল অতিক্রম করবে। এ সময় উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ থাকতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত। পাশাপাশি উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হতে পারে।
ঘূর্ণিঝড়টিকে কেন্দ্র করে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ওড়িশার গজপতি, গঞ্জাম, পুরী ও জগৎসিংহপুর জেলায় লাল সতর্কতা জারি কর হয়েছে। অন্যদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরা যাবে না। যারা ইতোমধ্যে সমুদ্রে চলে গেছেন, তাদেরও ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৫৩টি দূরপাল্লার ট্রেনের যাত্রা বাতিল করেছে ভারতের রেল কর্তৃপক্ষ।।
আনন্দবাজার/ টি এস পি
