মহামারী নভেল করোনাভাইরাসের কারণে দুর্বল হয়ে পড়েছে ভারতের অর্থনীতি। দেশটির কর্মসংস্থান কমে গেছে, এতে বেড়েছে বেকারত্ব। এই সবকিছু মিলিয়ে বর্তমানে ভয়াবহ আর্থিক মন্দার কবলে পড়েছে দেশটি।
গত কয়েকবছর ধরেই ধুঁকছিল ভারতের অর্থনীতি। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে গোটা ভারতজুড়ে বন্ধ ছিল আর্থিক কর্মকাণ্ডের চাকা। সম্ভবত দেশটির আর্থিক হাল ফিরছে না চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও। আরবিআই-র আর্থিক নীতির দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের রিপোর্টে বলা হয়, অর্থনীতির বেহাল দশা দেশকে নজিরবিহীন মন্দার দিকে ঠেলে দিচ্ছে।
উন্নত তথ্য দিয়ে তৈরী ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ‘নাওকাস্ট’-এ বলা হয়, সেপ্টেম্বরে আর্থিক বৃদ্ধি সংকুচিত হতে পারে ৮.৬ শতাংশ। গত এপ্রিল-জুন ত্রৈমাসিকে ২৪ শতাংশ সংকুচিত হয়েছিল অর্থনীতি। আরবিআই-র প্রকাশনায় লেখা হয়, দেশের ইতিহাসে প্রথমবার ২০২০-২১ অর্থবর্ষের প্রথম অর্ধে মন্দার কবলে পড়েছে ভারত। আগামী ২৭ নভেম্বর অফিসিয়াল পরিসংখ্যান রিপোর্টটি প্রকাশ করবে সরকার।
তবে উৎসবের মৌসুমে অর্থনীতির চাকা আশার আলো দেখাচ্ছে। ব্যয় সংকোচনের পথে হাঁটায় বিভিন্ন সংস্থার অপারেটিং লাভ বেড়েছে। অক্টোবর মাসে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে ব্যাংকের নগদের পরিমাণ ও গাড়ি বিক্রির পরিসংখ্যান ।
তবে অর্থনীতিবিদদের অভিমত,করোনার দ্বিতীয় ওয়েবে প্রভাব পড়বে বিশ্বের আর্থিক বৃদ্ধিতে। সেই ঝুঁকিও থাকছে। তাদের অভিমত, চ্যালেঞ্জিং সময়ে রয়েছে ভারত।
আনন্দবাজার/টি এস পি
