ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বস্তি ফিরেছে বাজারে

স্বস্তি ফিরেছে বাজারে

নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে টিসিবির ট্রাকের পেছনে মানুষের যখন দীর্ঘ লাইন তখন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক আ. গাফফার খান জানিয়েছেন, বাজারে স্বস্তি ফিরেছে। মানুষ পণ্য কিনতে পারছেন।

তিনি বলেন, বাজারে স্বস্তি ফিরেছে মানে, বাজারে এখন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। যেমন সয়াবিন তেল আগে পাওয়া যেত না, এখন পাওয়া যাচ্ছে। পেঁয়াজের দাম আগে অনেক বেশি ছিল, এখন কমেছে। আলুও কম দাম পাওয়া যাচ্ছে, সবজির দামও কমেছে। এমন অধিকাংশ খাদ্যপণ্য আমাদের স্বস্তির মধ্যে আছে।

এখন স্বস্তির মধ্যে আছে, আগে কি স্বস্তির মধ্যে ছিল না? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আগে কিছুটা সংকট ছিল এবং জিনিসপত্রের দাম একটু বেশি ছিল। এখন কমেছে।

বাজারে কি এখন কোনো সমস্যা নেই? জানতে চাইলে তিনি বলেন, গতকাল আমাদের যে মিটিং হয়েছে সেখানে আমি কিন্তু বলিনি যে বাজারে সমস্যা নেই। বাজারে সমস্যা না থাকলে তো আর আমরা মিটিং করতাম না।

বাজারের সমস্যা মোকাবিলায় কী উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে আ. গাফফার খান বলেন, কাস্টমস যেন দ্রুত মালামাল খালাসের ব্যবস্থা করে, ফেরিগুলো যেন দ্রুত খাদ্যপণ্য সরবরাহে সহায়তা করে সেসব বিষয়ে গতকালের মিটিংয়ে সুপারিশ করা হয়েছে। বাজারে যেন সব খাদ্যপণ্য দ্রুত পৌঁছায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আরও বলেছি, যারা পণ্যমজুদ করে দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন