জামালপুরের সরিষাবাড়ীতে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভোট প্রদানে কেন্দ্র করা হয়েছে সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী উত্তরপাড়া গ্রামের ইবতেদায়ি অ্যান্ড দাখিল মাদ্রাসাকে। কিন্তু এ প্রতিষ্ঠানটি কেবল নামেই শিক্ষা প্রতিষ্ঠান। তিনটি টিনশেড ঘর থাকলেও এর অবস্থা খুবই নাজুক, জরাজীর্ণ। এ জন্য ভোটকেন্দ্রটি পরিবর্তনের দাবিতে সংশ্লিষ্টদের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় ভোটাররা।
স্থানীয়রা জানায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী উত্তরপাড়া এলাকায় ১৯৯১ সালে ‘ইবতেদায়ি অ্যান্ড দাখিল মাদ্রাসা’ নামে এ প্রতিষ্ঠানটি চালু হয়। সরিষাবাড়ী ও কাজিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ প্রতিষ্ঠানটির অবস্থান। এটি এমপিওভুক্ত না হলেও অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছিল। করোনা মহামারির কারণে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকায় অনেকেটা পরিত্যক্ত টিনশেড ঘরগুলো। এ প্রতিষ্ঠানের কক্ষগুলোতে নেই দরজা-জানালা, চেয়ার-টেবিল।
ঘরগুলো রাখা হয়েছে, জ্বালানি কাঠ, গরুর খাবারের খড়, কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন মালামাল। শ্রেণিকক্ষে রাতে রাখা হয় গবাদি পশু। নানা কারণে মাদ্রাসটি জরাজীর্ণ ঝোপ-জঙ্গলে ছেয়ে গেছে। নেই কোনো শিক্ষা উপকরণ বা আসবাবপত্র। এমন একটি প্রতিষ্ঠানকে ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্র করা হয়েছে। এতে বেকায়দায় পড়েছেন প্রার্থীসহ ভোটাররা। এ কারণে কেন্দ্রটি পরিবর্তনের জন্য উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোট কেন্দ্রটির পরিবর্তন চেয়ে লিখিত আবেদন দিয়েছে এলাকাবাসী। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাকসুদ আলম বলেন, কেন্দ্রটি পরিবর্তন করা সম্ভব না। কারণ অনেক আগে থেকেই এ কেন্দ্রে ভোট হয়ে আসছে। এবারও হবে। আর ঝুঁকির বিষয়টি দেখবে পুলিশ।
আনন্দবাজার/এম.আর




