ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দিয়াবাড়ি-আগারগাঁও অংশে মেট্রোরেল চালু ১৫ ডিসেম্বর

দিয়াবাড়ি-আগারগাঁও অংশে মেট্রোরেল চালু ১৫ ডিসেম্বর

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে ট্রেনের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করা হবে। তবে পুরোপুরি চালু হবে আগামী বছরের ডিসেম্বর থেকে।

শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক ঢাকা পোস্টকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা আগেই পরিকল্পনা করেছিলাম, চলতি ডিসেম্বর মাসের প্রথম পক্ষের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট পরিচালনা করবে। আমরা এখনো তারিখ চূড়ান্ত করিনি, দুই-একদিনের মধ্যে তারিখ চূড়ান্ত হবে।

তিনি আরও বলেন, তবে এটা ঠিক আমরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল পরিচালনা করব। এজন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা পরিকল্পনা অনুযায়ী গত ২৯ নভেম্বর দিয়াবাড়ি থেকে মিরপুর ১০ এর কাছে ৬ নম্বর স্টেশন পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করেছি। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ এগিয়ে নিতে চাই।

গত ২৭ আগস্ট দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হয়েছিল। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে দিয়াবাড়ি থেকে মিরপুর ১০ নম্বরের কাছে ৬ নম্বর রেলস্টেশন পর্যন্ত ছয় বগির একটি ট্রেন চালানো হয়। ওই দিন দুপুর ১টার দিকে মেট্রোরেলের এ অংশে ট্রেন পরিচালনা করা হয়। ট্রেনের গতি ছিল ঘণ্টায় পাঁচ কিলোমিটার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিয়াবাড়ি থেকে রওনা দেওয়ার পর প্রতিটি স্টেশনে ট্রেনটি থেমেছে ১০ থেকে ১২ মিনিট। মিরপুরের অনেক ভবন থেকে ট্রেন চলাচলের দৃশ্য উপভোগ করেন উৎসুক মানুষ।

আনন্দবাজার/এম.আর

সংবাদটি শেয়ার করুন