আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) জানায়, মহামারি করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। আর এর প্রভাব থেকে শ্রমিকদের রক্ষা করতে সরকারপ্রধানরা যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে বিশ্বের ২৫ মিলিয়ন (আড়াই কোটি) মানুষের চাকরি চলে যেতে পারে।
সংস্থাটি বলেছে, যাহোক, এর আগে ২০০৮-০৯ সালে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক মন্দা আমরা দেখেছি, ওই সময় আন্তর্জাতিকভাবে যে তৎপর পদক্ষেপ নেয়া হয়েছিল, ওই রকম পদক্ষেপ নেয়া হলে বৈশ্বিক বেকার হওয়ার এই সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে কমে যেতে পারে।
কর্মক্ষেত্রে শ্রমিকদের রক্ষা, অর্থনীতিকে চাঙা করা এবং অর্থ উপার্জনের পথকে ধরে রাখতে জরুরিভিত্তিক বৃহৎ ও পারস্পারিক সহযোগিতামূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে আইএলও।
করোনাভাইরাস আঘাত হেনেছে সব অর্থনৈতিক ক্ষেত্রে। উৎপাদন বন্ধ রেখেছে অনেক বড় বড় কোম্পানি। কিছু কোম্পানির উৎপাদন চললেও তা সীমিত। লোকসান এড়াতে বাধ্যতামূলক ছুটি দেয়া হচ্ছে কর্মচারীদের।
মন্দা কাটছে না এয়ারলাইন্সগুলোতেও। করোনা সংক্রমণ এড়াতে অধিকাংশ দেশ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এতে ফ্লাইট কমে গেছে এয়ারলাইন্সগুলোর। অর্থনৈতিক এ সংকটে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে এসব প্রতিষ্ঠান।
আনন্দবাজার/ টি এস পি




