আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রতারক চক্রের ফাঁদ থেকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, এ ধরনের ফোনকলে সাড়া না দিতে সবাইকে অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র নির্বাচনকালীন সম্মানি প্রদানের কথা বলে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারণার উদ্দেশ্যে তারা ০১৩৪২০৪৬২৩২ এবং ০১৬১২৬৭৭০৭৮ নম্বর থেকে ফোনকল করছে বলে কমিশনের নজরে এসেছে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্ব পালনকারী সব কর্মকর্তা-কর্মচারীকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী প্রদান করা হবে। এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করার প্রয়োজন নেই।
এ কারণে নির্বাচন কমিশন নির্বাচনি কাজে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতারক চক্রের কোনো ফোনকলে সাড়া না দিতে বিশেষভাবে সতর্ক করেছে।




