বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, মানুষ না খেয়ে কষ্ট পাবে না। প্রতিটি মানুষ মৌলিক অধিকার পাবে। কিন্তু বঙ্গবন্ধু সে কাজ সম্পন্ন করে যেতে পারেননি। তার লক্ষ্য বাংলাদেশকে সুন্দরভাবে সাজানো। এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। গতকাল রোমে একটি গণসংবর্ধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাগুলো বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ইতোমধ্যে ক্ষণগণনা উদ্বোধন করা হয়েছে। এখন মুজিববর্ষ পালন করার সব প্রস্তুতি চূড়ান্ত। ৭৪ সালে জাতির পিতা রাষ্ট্র পরিচালনার জন্য আইন করে দিয়েছেন অর্থাৎ একটি স্বাধীন রাষ্ট্রের সমস্ত কাঠামো নীতিমালা, বিধিমালা যা যা দরকার হতে পারে সবই করে দিয়ে গেছেন তিনি। আমাদের দুর্ভাগ্য ৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যে এত কাজ জাতির পিতা কীভাবে করে গেলেন তা আমার বুঝে আসে না।
ইতালি আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতানা শরীফ প্রমুখ।
আনন্দবাজার/জায়েদ




