ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১১ দলীয় জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটে যোগ দিচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান স্পষ্ট করে জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্রভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কোনো ধরনের আসন সমঝোতায় যাবে না।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান তুলে ধরেন। গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা ইতোমধ্যে ২৬৮টি সংসদীয় আসনে মাঠে নেমে প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। এসব আসনে দলীয় প্রার্থীরা নির্বাচন করবেন এবং তাদের কেউই মনোনয়ন প্রত্যাহার করবেন না।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো রাজনৈতিক চাপ বা কৌশলগত সমঝোতার অংশ নয়। জনগণের ভোটে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য। সে কারণেই দলটি নিজস্ব কর্মসূচি, ইশতেহার ও প্রার্থীদের মাধ্যমে ভোটের মাঠে থাকবে।

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই স্বচ্ছ, নৈতিক ও আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। জোট রাজনীতির নামে আপসের রাজনীতিতে তারা যেতে চায় না। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন এলাকায় দলের প্রতি জনগণের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে এবং সেই প্রত্যাশা থেকেই তারা পূর্ণ উদ্যমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

তিনি আরও জানান, নির্বাচনকালীন পরিস্থিতি, প্রশাসনের ভূমিকা ও ভোটের পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে এসব বিষয়ে দলীয়ভাবে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা দলের এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও জনগণের প্রত্যাশার প্রতিফলন বলে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন