ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরার অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি জামায়াত আমিরের সমবেদনা

উত্তরার অগ্নিকাণ্ডে নিহতদের মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার তিনি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে ভয়াবহ আগুনে দুই পরিবারের ছয়জনের প্রাণহানি এবং আরও বেশ কয়েকজনের দগ্ধ হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং নিহতদের পরকালীন মুক্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান জামায়াত আমির।

উল্লেখ্য, উত্তরার এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর তথ্য দিলেও পরবর্তীতে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঘটনার সময় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন