ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান কেন জুনায়েদ হাবিবকে বেছে নিলেন?

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী হিসেবে ছাড় দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নিজেকে বিএনপির জোটপ্রার্থী করার কারণ তুলে ধরেন।

উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, বিএনপির সঙ্গে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এবং জুলুম-নির্যাতন সহ্য করার বাস্তব অভিজ্ঞতার কারণেই বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তাকে জোটের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।

তিনি আরও বলেন, আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হওয়ার আগেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছ থেকে যে বিপুল সমর্থন ও ভালোবাসা পাচ্ছেন, তাতে তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। এ সময় তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা এহসান উল্লাহ, উচালিয়াপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক বারী লাল বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন