জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এখন কার্যত ১০ দলীয় রূপ নিচ্ছে, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈঠকে অংশ না নেওয়ায়। আসন বন্টন ও চূড়ান্ত সমঝোতা নিয়ে ১০ দলের শীর্ষ নেতারা বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শুরু করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) নেতারা।
এছাড়া জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক থেকে নির্বাচনি সমঝোতা সংক্রান্ত ঘোষণা দেওয়ার জন্য পরে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।




