ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম-৪ আসনে স্বামীর আপিলে স্ত্রীর প্রার্থিতা বাতিল

কুড়িগ্রাম-৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেএম ফজলুল মন্ডলের আপিলের পর তার স্ত্রী বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) সমর্থিত প্রার্থী মোছা. শেফালী বেগমের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার দেওয়া শেফালী বেগমের বৈধ মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসন থেকে স্বামী-স্ত্রী দুজনই আলাদাভাবে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা প্রথমে উভয়ের মনোনয়নই বৈধ ঘোষণা করেছিলেন।

একই সংসদীয় আসনে স্বামী ও স্ত্রী ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ায় স্থানীয় রাজনীতি অঙ্গনে ও ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়। বিষয়টি এলাকায় বিশেষভাবে আলোচিত হয়ে ওঠে।

আপিল শুনানিতে কেএম ফজলুল মন্ডল দাবি করেন, তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে। তবে শেফালী বেগম এ দাবি নাকচ করে বলেন, আইনি দৃষ্টিতে কেএম ফজলুল মন্ডল এখনও তার স্বামী। তিনি জানান, দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মনোমালিন্য থাকলেও তাদের বৈবাহিক সম্পর্ক এখনো আইনগতভাবে বহাল রয়েছে।

সংবাদটি শেয়ার করুন