ঢাকা | মঙ্গলবার
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ

পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনে এ দুটি আসনে যথাসময়ে নির্বাচন আয়োজন এবং অবিলম্বে নির্বাচনী কার্যক্রম শুরুর নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এ আবেদন করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত অযৌক্তিক। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই শুনানি হওয়ার আশা করছেন তিনি।

এর আগে গত শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে বলে জানানো হয়।

এ বিষয়ে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, গত ৬ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়ে নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, সংসদীয় আসন ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২)-এর সীমানা সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগের ৫ জানুয়ারির আদেশের আলোকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে এ দুটি আসনের ভোটগ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এর আগে ৫ জানুয়ারি আপিল বিভাগ পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গত বছরের ২৪ ডিসেম্বর জারি করা গেজেটের কার্যক্রম স্থগিত করেন। সীমানা নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

২৪ ডিসেম্বর জারি করা গেজেট অনুযায়ী, পাবনা-১ আসনে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়। অপরদিকে পাবনা-২ আসনে সুজানগর উপজেলা ও বেড়া উপজেলার অবশিষ্ট অংশ অন্তর্ভুক্ত ছিল। তবে আপিল বিভাগের স্থগিতাদেশের ফলে ওই গেজেট কার্যকর হয়নি।

এর ফলে নির্বাচন কমিশনের গত ২৪ সেপ্টেম্বরের গেজেট আবার কার্যকর হয়। সেই অনুযায়ী সাঁথিয়া উপজেলা এককভাবে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা-২ আসন নির্ধারিত থাকে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার কয়েকটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করার ইসির সিদ্ধান্তকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে রায় দেন। একই সঙ্গে আগের সীমানা পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন