ঢাকা | বুধবার
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি মরিয়ম গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলা বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকা থেকে কর্ণফুলী থানা-পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তার দেখানো হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায়।

মরিয়ম বেগম স্থানীয়ভাবে ‘বদনী মেম্বার’ নামে পরিচিত। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদেও ছিলেন। দুই দফায় তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং এর আগে দুবার ইউনিয়ন পরিষদের সদস্য পদেও দায়িত্বে ছিলেন।

২০০৪ সালে চট্টগ্রামের আনোয়ারার সিইউএফএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক হওয়ার ঘটনায় করা মামলায় মরিয়মকে আসামি করা হয়। ওই মামলায় তিনি প্রায় ছয় মাস জেল খেটেছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০১৪ সালে তাকে মামলাটি থেকে খালাস দেওয়া হয়।

মরিয়ম বেগম প্রথমবারের মতো ২০০৩ সালে বৈরাগ ইউনিয়ন পরিষদের সদস্য পদে নির্বাচিত হন। ২০১১ সালে পুনরায় নারী সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে মামলাটি থেকে খালাস পাওয়ার পর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে অংশ নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন। ২০১৯ সালে একই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন। তবে ২০২৪ সালে তিনি ওই পদে হেরে যান।

গত বছরের ১৬ সেপ্টেম্বর মরিয়মের ছেলে আখতার হোসেন (৩৮) যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হন। অভিযানে তার কাছ থেকে ১টি নকল পিস্তল, ১২টি ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৩টি সামরিক গ্রেডের ওয়াকি-টকি সেট, ৩টি সামরিক গ্রেডের কম্পাস, ২১টি মোবাইল, ৯৫টি সিম কার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ড, ১৮টি দেশীয় অস্ত্রসহ নির্যাতনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর আলম জানিয়েছেন, মরিয়ম বেগমকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন