ঢাকা | বৃহস্পতিবার
৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইসিটি বিভাগের অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ

আওয়ামী লীগ সরকারের সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। এটি আইসিটি বিভাগের ওয়েবসাইট (ictd.gov.bd) এ পাওয়া যাচ্ছে। মন্ত্রণালয় জানায়, বিগত সরকারের সময় বিভাগের বিভিন্ন উদ্যোগে অনিয়ম ও অব্যবস্থাপনা খতিয়ে দেখতে গঠিত টাস্কফোর্স দীর্ঘ সময় ধরে তদন্ত ও পর্যালোচনা চালিয়ে শ্বেতপত্রটি চূড়ান্ত করেছে।

শ্বেতপত্রে গত দেড় দশকে আইসিটি বিভাগের কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা এবং কাঠামোগত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুপারিশও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ৩ এপ্রিল এই টাস্কফোর্স গঠন করা হয়। এর মূল লক্ষ্য ছিল বিগত সরকারের সময়ে সম্পাদিত সকল চুক্তি, প্রকল্পের ডিপিপি, অডিট রিপোর্ট এবং তদন্ত প্রতিবেদন যাচাই করে অনিয়ম ও অপব্যবস্থাপনা শনাক্ত করা এবং সেই তথ্যের ভিত্তিতে শ্বেতপত্র প্রণয়ন করা।

সরকার আশা করছে, এই শ্বেতপত্র আইসিটি বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণকে আরও সুবিধাজনক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন