ঢাকা | বৃহস্পতিবার
৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানার সন্ধান

ঢাকার উত্তরা ও নিকুঞ্জে চীনা নাগরিকদের তত্ত্বাবধানে অবৈধ আইফোন কারখানা চালু থাকার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে আইফোন তৈরি ও বাজারে আসল ফোন হিসেবে বিক্রির অভিযোগে দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি বুধবার (৭ জানুয়ারি) এক বিশেষ অভিযানে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং মোবাইল তৈরির আধুনিক যন্ত্রপাতি উদ্ধার করে। চক্রটি প্রায় দেড় বছর ধরে এই ল্যাবে অবৈধভাবে ফোন তৈরি করে সাধারণ ক্রেতাদের প্রতারণা করছে।

ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, উত্তরা ১৭ নম্বর সেক্টর থেকে একজনকে ৫৮টি ফোনসহ এবং নিকুঞ্জ-১ থেকে দুই চীনা নাগরিককে ৩০৫টি ফোনসহ আটক করা হয়েছে। গ্রেপ্তারকালে বিদেশি মদও উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশ থেকে আলাদা পার্টস নিয়ে ঢাকার গোপন ল্যাবে মিলিয়ে ভুয়া আইফোন তৈরি করে বাজারে ছড়িয়ে দিত। ডিবি বলেছে, সম্ভাব্য স্থানীয় সহযোগীদের তথ্য পাওয়া গেছে, তবে তদন্ত চলমান।

মহিউদ্দিন মাহমুদ সোহেল সাধারণ জনগণকে সতর্ক করে বলেছেন, অনুমোদিত শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া কম দামে ‘অরিজিনাল আইফোন’ কিনবেন না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাকি সদস্যদের ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন