বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বায়ুমান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রাজধানীসহ দেশের চারটি এলাকার বাতাস বর্তমানে ‘দুর্যোগপূর্ণ’ অবস্থায় রয়েছে।ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫-এর মাত্রাতিরিক্ত উপস্থিতি চিহ্নিত করা হয়েছে। সকালে ঢাকার বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানদণ্ডের তুলনায় প্রায় ৩৫ গুণ বেশি পাওয়া গেছে।
আজ দেশের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে রাজধানীর ধানমন্ডি এলাকায়। সেখানে একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ৪২৯, যা দুর্যোগপূর্ণ পর্যায়ের অনেক ওপরে। দূষণের তালিকায় এর পরেই রয়েছে উত্তরার ১৮ নম্বর সেক্টর, মিরপুরের ইস্টার্ন হাউজিং এবং বেচারাম দেউড়ি এলাকা। এসব এলাকাতেও বাতাসের মান দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে।
এ ছাড়া কল্যাণপুরে বাতাসের একিউআই স্কোর ৩০০, গোড়ানে ২৫০ এবং পীরেরবাগ রেললাইন এলাকায় ২০১ রেকর্ড করা হয়েছে। এসব এলাকার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয় বা মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একিউআই স্কোর ৩০১-এর বেশি হলে বাতাসের মান দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হয়।




