ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘরে বসেই বিপিএল টিকিট! জেনে নিন কাটার পদ্ধতি-মূল্যতালিকা

চায়ের দেশ সিলেটে কাল থেকেই শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসরের ধুন্ধুমার লড়াই। চা-বাগান ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৬ ডিসেম্বর থেকে গ্যালারি কাঁপাতে প্রস্তুত দর্শকরা। ক্রিকেট ভক্তদের বাড়তি স্বস্তি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার সিলেট পর্বের টিকিট সংগ্রহের পদ্ধতিতে এনেছে আধুনিকতার ছোঁয়া। এবার আর রোদে পুড়ে কাউন্টারে লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই; সব টিকিটই মিলছে অনলাইনে।

দর্শকদের টিকিট সংগ্রহের ভোগান্তি কমাতে বিসিবি এবার শতভাগ অনলাইন টিকিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আগ্রহী দর্শকরা www.gobcbticket.com.bd পোর্টালে গিয়ে নিজেদের আসন নিশ্চিত করতে পারছেন। ২১ ডিসেম্বর বিকেল ৪টা থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনে বুকিং সম্পন্ন করার পর প্রাপ্ত ই-টিকিট বা কনফার্মেশন কোড দেখিয়ে পরবর্তীতে নির্দিষ্ট পয়েন্ট থেকে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করা যাবে। উল্লেখ্য, স্টেডিয়াম সংলগ্ন এলাকায় কোনো তাৎক্ষণিক টিকিট কাউন্টার থাকছে না।

এবারের বিপিএলে দর্শকদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ‘এক টিকিটে দুই ম্যাচ’। মাত্র ২০০ টাকার সর্বনিম্ন টিকিট কিনলেই দিনের ‘ডাবল হেডার’ বা দুপুর ও রাতের দুটি খেলাই উপভোগ করা যাবে। এটি সাধারণ দর্শকদের জন্য বিপিএলের উন্মাদনায় শামিল হওয়ার এক দারুণ সুযোগ।

সিলেট ভেন্যুর টিকিটের নতুন মূল্যতালিকা:

সবচেয়ে সাশ্রয়ী: গ্রিন গ্যালারি ও শহীদ তুরাব স্ট্যান্ডের টিকিট মিলছে মাত্র ২০০ টাকায়।

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ২৫০ টাকা।

ক্লাব হাউজ: আপার জোন ৫০০ এবং জিরো ওয়েস্ট জোন ৬০০ টাকা।

বিলাসবহুল অভিজ্ঞতা: গ্র্যান্ড স্ট্যান্ডে (আপার ও লোয়ার) বসে খেলা দেখতে খরচ হবে ২,০০০ টাকা।

২৬ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের কারণে প্রথম দিনের ম্যাচের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ওইদিন প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৩টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। তবে পরবর্তী দিনগুলোতে খেলা যথারীতি দুপুর ১টা ৩০ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিতে বিসিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। মাঠে প্রবেশের সময় দর্শকদের নিবিড় তল্লাশির মুখোমুখি হতে হবে। গ্যালারিতে প্লাস্টিকের বোতল, লাইটার, ধারালো কোনো বস্তু বা পেশাদার ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন