ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যার পর জামায়াত প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করার ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরই একজন প্রার্থীকে লক্ষ্য করে গুলিবিদ্ধ করার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সম্ভাব্য সিরিয়াল হামলার অংশ হতে পারে। তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যার ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা এবং প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার দায়িত্বকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার এখনও শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে স্পষ্ট বক্তব্য দেননি। তিনি বলেন, বিদেশে থাকা খুনিদের খুঁজে বের করতে আন্তর্জাতিক চ্যানেল, অ্যাম্বাসিভারতসহ বিভিন্ন চুক্তি ব্যবহার করা যেতে পারেপাশাপাশি জাতিসংঘও এই হত্যাকাণ্ডের তদন্তে আগ্রহ প্রকাশ করেছে, প্রয়োজনে তাদের লজিস্টিক সাপোর্ট নেওয়া যেতে পারে

দোয়া মাহফিলে শহীদ ওসমান হাদির জীবন ও কর্মকাণ্ডের প্রশংসা করে বলা হয়, তার সৎ জীবন এবং মানুষের জন্য নিবেদিত আত্মত্যাগ দেশের মানুষকে মুগ্ধ করেছে। মাহফিলে উপস্থিত তার বড় ভাই ওমর বিন হাদি বলেন, তার ছোট ভাই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে দেশ ও মানুষের কল্যাণের জন্য সংগ্রাম করেছেন। তিনি দেশবাসীকে আহ্বান জানান, শহীদ ওসমান হাদির অসমাপ্ত বিপ্লব সম্পূর্ণ করতে এগিয়ে আসুন এবং তার স্বপ্নের ন্যায়ভিত্তিক দেশ গড়ার প্রচেষ্টায় অংশ নিন।

মাহফিলে জামায়াতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ যেমন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, চাকসু’র সাবেক ভিপি এডভোকেট জসিম উদ্দিন সরকারসহ শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি বক্তব্য দেন। এই দোয়া মাহফিল শহীদ ওসমান হাদির স্মরণে এবং দেশের নিরাপত্তা ও শান্তির জন্য আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন