জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দলটির প্রার্থী আব্দুল হান্নান মাসউদের তিন সমর্থককে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গুরুতর আহত মো. হাছান উদ্দিন নিজেই বাদী হয়ে হাতিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মোটরসাইকেলে চলাচলের সময় আসামিরা লাঠি, লোহার রড ও বটি-দাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে এবং প্রাণে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়।
এতে মো. হাছান উদ্দিন গুরুতর আহত হন। হামলার সময় নগদ এক লাখ ৩৭ হাজার ২০০ টাকা লুটসহ মোট এক লাখ ৮৭ হাজার ২০০ টাকার ক্ষতিসাধন করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
আহত মো. হাছান উদ্দিন জানান, ভূমিহীনদের পক্ষে কথা বলার কারণে তাদের ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম বলেন, ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম শুল্লকিয়া গ্রামের কিল্লার বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হন মো. হাছান উদ্দিন, এমদাদ হোসেন ও রাজিব উদ্দিন। তারা সবাই এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং আব্দুল হান্নান মাসউদের পক্ষে প্রচার কার্যক্রমে যুক্ত ছিলেন।




