বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে এদিন বিমানবন্দরে কেউ না আসার এবং হট্টগোল না করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দুমাস পর দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের সামনে সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশে ফেরার সময় এই প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দলের নেতা-কর্মীদেরও তিনি নির্দেশনা দিয়েছেন।
তারেক রহমান বলেন, তিনি কোনো স্বপ্নের মধ্যে নেই, বরং পরিকল্পনার মধ্যে রয়েছেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সংকটময় সময়ে দেশকে খাদ্যসংকট থেকে উদ্ধার করেছিলেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারবে বিএনপি। তবে তিনি স্বীকার করেন, সামনের পথ অত্যন্ত কঠিন।
সভায় তিনি দলের ৩১ দফা সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এতে দেশের অসচ্ছল পরিবারের জন্য মাইক্রোচিপ সংযুক্ত ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, শিক্ষকদের প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ, সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করার পরিকল্পনা রয়েছে।
প্রবাসীদের জন্য ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি, স্বাস্থ্যসেবা উন্নয়নে রোগ প্রতিরোধে জোর এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ চালুর কথাও তিনি জানান। কনটেন্ট ক্রিয়েটরদের আয় বাড়াতে সরকারি সহযোগিতা, ছোট ওয়ার্কস্পেস, ফ্রি ওয়াই-ফাই এবং ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং ঐক্য বজায় রাখতে পারলেই জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সভায় যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন এবং সদস্যসচিব খসরুজ্জামান খসরু সঞ্চালনা করেন।




