ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জন্মের পর কন্যাশিশুকে পানিতে ডুবিয়ে হ’ত্যা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালির হারনোলি এলাকায় দুই মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। পুলিশ জানায়, মাত্র দুই মাস আগে জন্ম নেওয়া পালওয়াশা নামের শিশুটিকে তার মা-বাবা হত্যা করেছেন। জানা যায়, দম্পতি অসন্তুষ্ট ছিলেন তাদের দ্বিতীয় মেয়ে সন্তানের জন্ম হওয়ায়, এবং সেই কারণে শিশুটিকে হত্যা করা হয়।

পুলিশি তদন্তে দেখা গেছে, বাবা-মা শিশুটিকে বাড়ির পানির ট্যাংকে ডুবিয়ে হত্যা করেছেন। ঘটনায় পুলিশ শিশুটির বাবাকে গ্রেফতার করেছে, আর মা পলাতক রয়েছেন। রাষ্ট্রীয় পক্ষ থেকে বাবা-মায়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। হারনোলি থানা পুলিশের এএসআই সৈয়দ আনোয়ার অভিযোগকারী হিসেবে নাম উল্লেখ করেছেন।

গ্রেফতার হওয়া শাহজাদ জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, স্ত্রী’র প্ররোচনায় এই কাজটি করেছেন। শাহজাদ আরও জানিয়েছেন, তিনি ছেলে সন্তানের আশা করেছিলেন এবং আরেকটি মেয়ে সন্তান চাননি।

পুলিশ এই হত্যাকাণ্ডকে ‘অত্যন্ত নৃশংস’ বলে বর্ণনা করেছে এবং ঘটনার তদন্ত সম্পূর্ণ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হবে বলেও আশ্বস্ত করেছে। পাশাপাশি শিশুটির মরদেহ চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন