গণমুখী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রক্রিয়াকে বেগবান করতে জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় নাগরিকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের প্রত্যাশায় ‘ডিজিটাল বাজেট হেল্পডেস্ক’ নামের একটি কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা ‘উন্নয়ন সমন্বয’র উদ্যোগে গতকাল রবিবার এটির উদ্বোধন করা হয়।
এ সময় বক্তারা বলেন, বাজেট-প্রণয়নকারী কর্তৃপক্ষ ও সংসদ সদস্যদের সঙ্গে নাগরিক সমাজের মতবিনিময় বৃদ্ধির কোনো বিকল্প নেই। অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা কাজে লাগিয়ে এ ধরনের মতবিনিময়ের পথ সুগম করা সম্ভব।
‘ডিজিটাল বাজেট হেল্পডেস্ক’-এর আওতায় সংসদ সদস্য এবং গণমাধ্যম, গবেষক ও শিক্ষার্থীরা আলাদা আলাদা হটলাইনের মাধ্যমে উন্নয়ন সমন্বয়ের গবেষক প্যানেলের কাছ থেকে বাজেট বিষয়ক গবেষণা ও তথ্য সহায়তা নিতে পারবেন। একই সঙ্গে ‘আমাদের সংসদ’ শিরোনামের একটি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সংসদীয় এলাকার নাগরিকেরা নিজ নিজ সংসদ সদস্যদের কাছে সরাসরি বাজেট বিষয়ক পরামর্শ ও দাবি-দাওয়া জানানোর সুযোগ পাবেন।
প্রধান অতিথি হিসেবে অনলাইনে কর্মসূচিটির উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি। তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জনে বাজেট বরাদ্দ কতোটা সঙ্গতিপূর্ণ হচ্ছে সে বিষয়ে আইন-প্রণেতাদের মধ্যে আগ্রহ রয়েছে। ডিজিটাল বাজেট হেল্পডেস্কের সঙ্গে সংশ্লিষ্টরা এ বিষয়ক তথ্য ও গবেষণা অনলাইনে দিতে সমর্থ হলে তা সংসদ সদস্যদের কাজে আসবে।
স্বাগত বক্তব্যে ড. আতিউর রহমান বলেন, আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটটি একটি বিশেষ পরিস্থিতিতে প্রস্তাবিত হতে যাচ্ছে। একদিকে করোনা-পরবর্তী পুনরুত্থান প্রক্রিয়ায় অর্থায়নের চাহিদা এবং অন্যদিকে ভূ-রাজনৈতিক অস্থিরতার ফলে সৃষ্ট সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কিছুটা সঙ্কোচনমুখী আর্থিক নীতি প্রণয়নের চাপ-এই দুয়ের মধ্যে একটি ভারসাম্য কিভাবে করা যায় সেই নির্দেশনাই সবাই আশা করছেন জাতীয় বাজেটে। এই প্রেক্ষাপটে এই বাজেটকে ঘিরে জনমনে বাড়তি আগ্রহ থাকবে, আর সেই চাহিদা পূরণে এই ডিজিটাল বাজেট হেল্পডেস্ক বিশেষ সহায়ক হবে।
আনন্দবাজার/শহক




