মশা দেখতে ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী এমন মন্তব্য়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ডেঙ্গু নিয়ে নানান সমস্যা এটা মাথায় রাখতে হবে। এখন থেকেই এই মশা নিয়ন্ত্রণে সবাইকে সোচ্চার হতে হবে। সেদিকে নতুন মেয়র ও কাউন্সিলরদের দৃষ্টি দিতে হবে। তিনি আরও জানান, মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে সেদিকে আপনারা বিশেষভাবে নজর দেবেন।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা জানান শেখ হাসিনা।
করোনো ভাইরাস সংক্রমণ রোধে সরকারের প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, হুটহাট একেকটা ঝামেলা আসে। এখন যেমন করোনা ভাইরাস দেখা দিয়েছে। এর থেকে কীভাবে বাংলাদেশকে মুক্ত করা যায় তার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি।
তিনি জানান, এখনও করোনা ভাইরাস আমাদের দেশে আসেনি। কিন্তু এরকম যদি দেখা যায় সে জন্য আমরা আগে থেকেই ডেডিকেডেট একটা হাসপাতাল আলাদা করে দিয়েছি। সেখানে নার্স, ডাক্তার যারা সার্ভিস দেবে তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের জন্য পোষাক, তাদের সুরক্ষার ব্যবস্থা, সেগুলো করা হচ্ছে। সাথে সাথে যে নির্দেশনাগুলো যাচ্ছে সবাইকে তা মেনে চলতে হবে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। তবে শপথ নিলেও আইনি জটিলতার কারণে এখনই চেয়ারে বসতে পারছেন না মেয়ররা।
মেয়রদের শপথ পাঠের পর দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আনন্দবাজার/শাহী




