মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, এসডিজি-৪ এর লক্ষ্য অর্জন, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে প্রকল্পটি হাতে নেয়া নিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করে প্রকল্প পরিচালক চিত্তরঞ্জন দেবনাথ বলেন,আশা করি, জানুয়ারি থেকে মাঠপর্যায়ে অনুদান দেয়ার কার্যক্রম শুরু হবে।’
জানা যায়, মানসম্মত শিক্ষার প্রসারে দেশের প্রতিটি উপজেলায় দক্ষতার ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা-সংশ্লিষ্টদের অনুদান দেয়া শুরু হলে পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে নিয়ে যাওয়া হবে উন্নত দেশে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে।
ইতোমধ্যে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন নামে একটি প্রকল্প নেয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পে ব্যয় হবে এক হাজার ৩৪৯ কোটি টাকার বেশি।
সরকারের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, উদ্যোগটি বাস্তবায়ন হলে শিক্ষা-সংশ্লিষ্টরা মানসম্মত শিক্ষাদানে উৎসাহ পাবেন।
প্রকল্প-সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে শিক্ষা বোর্ডের ফলের ভিত্তিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) স্তরে একজন শিক্ষার্থী পাবে ১০ হাজার টাকা। এসএসসি বা এইচএসসির ফলের ভিত্তিতে প্রতি বিভাগ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) থেকে দু’জন করে ছয়জন এবং মাদ্রাসা স্তরে দু’জন এবং কারিগরি/ভোকেশনাল থেকে দু’জন শিক্ষার্থীকে দেয়া হবে ২৫ হাজার টাকা পুরস্কার। এ ছাড়া উপজেলার একজন শ্রেষ্ঠ শিক্ষক এবং একজন শিক্ষিকাকে এক লাখ টাকা করে দেয়া হবে।
শুধু শিক্ষক-শিক্ষার্থীই নয়, প্রতিবছর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে দেয়া হবে পাঁচ লাখ টাকার অনুদান। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে পুরস্কার হিসেবে নিয়ে যাওয়া হবে উন্নত দেশে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে।
জানা যায়, এই প্রকল্পের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ২০ হাজার ৩০০ সাধারণ স্কুল, ৯ হাজার ৪০০ মাদ্রাসা এবং এক হাজার ১৯০ ভোকেশনাল ইউনিটসহ সাধারণ স্কুলের তিন লাখ ৫৭ হাজার শিক্ষক ও এক কোটি ৩০ লাখ শিক্ষার্থী ফলের ভিত্তিতে অনুদান পাবে।
অনুদান দেয়ার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘এই উদ্যোগের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা গড়ে উঠেবে। এটা অবশ্যই ইতিবাচক। তবে এ ক্ষেত্রে যেন কোনোরকম অনিয়ম না হয় সেদিকে নজর রাখতে হবে।’
আনন্দবাজার/এম.আর




