টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ( বারটান) উদ্যোগে তিন দিনব্যাপি পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ গতকাল বুধবার দুপুরে শেষ হয়েছে। মধুপুর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ ও মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে গত সোমবার ডিসেম্বর থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে পুষ্টি, ফলিত পুষ্টি, প্রতিদিনের সুষম খাদ্য গ্রহণের পরিমাণ, করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে সঠিক খাদ্যগ্রহণ ও রোগ-প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি, সঠিক খাদ্যাভ্যাস ও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গাণু সুমহ রক্ষা, শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টি বিষয়ে আলোচনা করা হয়। পুষ্টিমান বজায় রেখে খাবারের সঠিক রন্ধন প্রক্রিয়া, অপুষ্টিজনিত রোগ সমূহ ও তার প্রতিকারসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণের বিষয় সম্পর্কিত নাটিকা, এনিমেশন ও ছবি প্রদর্শন করে শিখানো হয়।
তিনদিন প্রশিক্ষণ প্রদান করেন বারটানের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কাওছার আহম্মেদ। অতিথি প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন মধুপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া আক্তার ও শাকুরা নাম্নি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুণ অর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম।
প্রশিক্ষণে দুটি ব্যাচে ৩০ জন কৃষাণ-কৃষাণীসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, এনজিও কর্মকর্তা, পুরোহিতসহ অন্যান্য পেশাজীবিসহ মোট ৬০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
আনন্দবাজার/এম.আর




