ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংকে চাকরির বয়সে ছাড়

ব্যাংকে চাকরির বয়সে ছাড়
  • ২১ মাস ছাড় ব্যাংকে, বিসিএসে নয়
  • বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা জারি

ব্যাংক নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রত্যাশীদের বয়সে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মহামারি করোনায় নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি (বিআরপিডি) বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে গত বৃহস্পতিবার। সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে যেসব ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব ব্যাংককে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের মার্চ মাসের ২৫ তারিখে নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৯ আগস্ট এ সংক্রান্ত আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই আদেশে বলা হয়, যেসব মন্ত্রণালয়, বিভাগ ও তার অধীন অধিদফতর, দফতর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত বা জাতীয়কৃত প্রতিষ্ঠান কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা গত বছরের ২৫ মার্চ নির্ধারণ করতে হবে। এ নির্দেশনার আলোকে বয়সে মোট ২১ মাস ছাড় পাচ্ছেন চাকরিপ্রত্যাশীরা। অবশ্য বিসিএসের জন্য এ ছাড় হবে না।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন