ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রিয়ালকে উড়িয়ে ইউসিএলের ফাইনালে চেলসি

রিয়াল মাদ্রিদকে হারিয়ে আট বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে চেলসি। বুধবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে চেলসি।

রিয়াল মাদ্রিদের মাঠে ১-১ গোলে ড্র করে ফেরা দলটি দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় ফাইনালের টিকেট কাটল। ম্যাচে টিমো ভেরনারের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর ম্যাচের শেষের দিকে ব্যবধান বাড়ান ম্যাসন মাউন্ট।

এদিন পুরো ম্যাচে চেলসির একচ্ছত্র আধিপত্য ছিল। মাত্র এক-তৃতীয়াংশ সময় বল দখলে রাখলেও ম্যাচের প্রায় পুরোটা সময়ই প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় তারা। স্বাগতিকরা গোলের উদ্দেশ্যে মোট ১৫টি শট নিলেও এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে।

অন্যদিকে ছন্নছাড়া ছিল জিনেদিন জিদানের শিষ্যরা। টুর্নামেন্টের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা রক্ষণ থেকে শুরু করে মাঝমাঠ ও আক্রমণভাগ- কোনো জায়গাতেই প্রত্যাশিত খেলতে পারেনি।

ম্যাচের দশ মিনিটেই লক্ষ্যে প্রথম শট নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু টনি ক্রুসের দূর থেকে নেয়া শটটি অনায়াসে নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক এদুয়াঁ মঁদি। এর পরের মিনিটেই পাল্টা-আক্রমণ করে চেলসি। এর দুই মিনিট পর আন্তোনিও রুডিগারের জোরালো শট পাঞ্চ করে লস ব্লাঙ্কোসদের বিপদমুক্ত করেন থিবো কোর্তোয়া।

এরপর বল জালে পাঠান ভেরনার। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। ম্যাচের ২৬তম মিনিটে করিম বেনজেমার হেড ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান মঁদি।

পাল্টা আক্রমণে এর পরের মিনিটেই এগিয়ে যায় চেলসি। ভেরনারের সাথে বল দেয়া নেয়া করে ডি-বক্সে কাই হাভার্টজকে খুঁজে নেন এনগোলো কান্তে। এগিয়ে আসা কোর্তোয়ার ওপর দিয়ে নেয়া হাভার্টজের চিপ ক্রসবারে বাধা পায়। কিন্তু গোলমুখে ছুটে গিয়ে হেডে ফাঁকা জালে বল পাঠান ভেরনার।

ম্যাচের দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। কিন্তু হাভার্টজের হেড আবারো ক্রসবারে বাধা পায়। এর পরের ১২ মিনিটে আরও দুটি ভালো সুযোগ পায় তারা। তবে ব্যবধান বাড়েনি। ‘ওয়ান-অন-ওয়ানে’ উড়িয়ে মারেন মাউন্ট।

দিকহারা রিয়ালে গোলরক্ষক কোর্তোয়া ছিলেন একমাত্র স্বরূপে। ম্যাচের ৬৬তম মিনিটে কান্তের শট পা দিয়ে রুখে দেন তিনি। অবশেষে ম্যাচের ৮৫তম মিনিটে জয় নিশ্চিত করেন ইংলিশ মিডফিল্ডার মাউন্ট। কান্তের পাস থেকে গোল করেন তিনি।

এরই মাধ্যমে ২০১১-১২ আসরে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল চেলসি। আগামী ২৯ মে তুরস্কের ইস্তানবুলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে দলটি। এর মাধ্যমে ইতিহাসে তৃতীয়বারের মতো অল ইংল্যান্ড ফাইনালের সাক্ষী হবে ফুটবল বিশ্ব।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন