২৭টি বছর একসাথে কাটানোর পর বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। তারা বলেন, “জুটি হিসেবে একসাথে এগোনোর কথা আমরা আর বিশ্বাস করি না”।
টুইটার বার্তায় তারা ঘোষণা দিয়েছেন, “অনেক চিন্তা ভাবনা এবং অনেকদিনের প্রচেষ্টার পরই আমরা আমাদের দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি”।
১৯৮০’র দশকের শেষের দিকে মেলিন্ডা, বিল গেটসের মাইক্রোসফটে যোগ দেয়ার পর তাদের মধ্যে প্রথম পরিচয় হয়েছিল।
জেনিফার (২৫), রোরি (২১), ফিবি (১৮) নামে এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন।
— Bill Gates (@BillGates) May 3, 2021
বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকাদান উৎসাহিত করতে গেটস ফাউন্ডেশন বিলিয়ন ডলার অর্থ ব্যয় করে থাকে।
গেটস দম্পতি ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ‘দ্য গিভিং প্লেজ’ নামক একটি উদ্যোগের সঙ্গে জড়িত যার লক্ষ্য হল -ধনীদের সম্পত্তির সিংহভাগ দাতব্য কাজে ব্যয় করা।
ফোর্বস সাময়িকীর হিসেবে, বিল গেটস এ মুহূর্তে বিশ্বের চতুর্থ ধনী এবং তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার।
তিনি এ মূলত এ অর্থের মালিক হয়েছেন বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের মাধ্যমে। ১৯৭০ সালে প্রতিষ্ঠা করা এ কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা তিনি।
— Melinda French Gates (@melindagates) May 3, 2021
টুইটারে বিল ও মেলিন্ডা গেটস তাদের বিচ্ছেদ সম্পর্কে বিবৃতি দিয়েছেন।
“গত ২৭ বছর ধরে আমরা তিনজন অসাধারণ সন্তানকে বড় করেছি এবং একটি ফাউন্ডেশন তৈরি করেছি যা বিশ্ব জুড়ে মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে”।
বিবৃতিতে তারা বলেন, “ফাউন্ডেশনের জন্য আমরা একসাথে কাজ করে যাবো। কিন্তু জীবনের পরবর্তী ধাপে আমরা একত্রে এগিয়ে যেতে পারবো বলে আমরা আর বিশ্বাস করি না।”
যেভাবে পরিচয় বিল গেটস ও মেলিন্ডার
১৯৮৭ সালে মেলিন্ডা মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন প্রডাক্ট ম্যানেজার হিসেবে এবং সে বছরই নিউইয়র্কে একটি ‘বিজনেস ডিনারে’ তারা একসাথে যোগ দেন।
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের একটি ডকুমেন্টারিতে বিল বলেছিলেন, “আমরা একে অন্যের যথেষ্ট যত্ন করেছি এবং সেখানে দুটি সম্ভাবনা ছিল- হয় বিচ্ছেদ নয়তো বিয়ে।”
পরবর্তীতে ১৯৯৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
উল্লেখ্য, নিজের দাতব্য কাজে সময় বেশি দেয়ার জন্য বিল গেটস গত বছর মাইক্রোসফট বোর্ড থেকে সরে দাঁড়ান।
সূত্র-বিবিসি
