করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষ ২০ এ উঠে এলো বাংলাদেশ। দেশে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়ানোয় করোনা আক্রান্তের শীর্ষ দেশগুলোর এই তালিকায় প্রবেশ করেছে বাংলাদেশ। তালিকাটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ৫৭ হাজার ৫৬৩ জন আক্রান্ত নিয়ে একুশতম স্থানে ছিল বাংলাদেশ। আজ শুক্রবার আরও ২ হাজার ২২৮ জন নতুন আক্রান্ত যোগ হওয়ায় দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯০ জনে। আর এর ফলেই জনস হপকিন্সের তালিকায় টপ টুয়েন্টিতে উঠে এসেছে বাংলাদেশ।
বাংলাদেশ ওপরে উঠে আসায় একুশতম স্থানে নেমে গেছে ৫৮ হাজারের বেশি আক্রান্তের দেশ বেলজিয়াম। ৬৩ হাজার ৭৪১ জন আক্রান্ত নিয়ে বাংলাদেশের আগেই রয়েছে কাতার। এছাড়া ৬৪ হাজার ১৭১ জন আক্রান্ত নিয়ে আঠারোতম স্থানে আছে করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীন।
বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৬ লাখ ৫৬ হাজার। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় তালিকার শীর্ষে রয়েছে বিশ্ব অর্থনীতির পরাশক্তি যুক্তরাষ্ট্র।
আনন্দবাজার/ডব্লিউ এস




