বিশ্বের সুখী দেশের তালিকায় এবার ১৮ ধাপ এগিয়ে এসেছে বাংলাদেশ। চলতি বছরের ১৫৬ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০৭তম।
শুক্রবার (২০ মার্চ) বিশ্ব সুখ দিবসে তালিকাটি প্রকাশ করে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন)। ২০১৯ সালের এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২৫।
জানা যায়, মাথাপিছু আয়, সামাজিক সহযোগিতা, গড় আয়, সামাজিক স্বাধীনতা, উদারতা এবং সমাজে দুর্নীতির হারের ভিত্তিতে প্রতি বছর এই তালিকা তৈরি করে এসডিএসএন। এবছরের তালিকাটি এসডিএসএনের অষ্টম প্রতিবেদন।
উক্ত তালিকা অনুসারে এবার বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা তিন বছর শীর্ষস্থানে অবস্থান করছে দেশটি। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক। তিন ধাপ এগিয়ে তৃতীয়তে উঠে এসেছে সুইজারল্যান্ড। পরবর্তী সাতটি দেশ হচ্ছে যথাক্রমে আইসল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডস, সুইডেন, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া ও লুপেমবার্গ। এবারের তালিকায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র আছে ১৮তম অবস্থানে। কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য আছে যথাক্রমে ১১, ১২ এবং ১৩তম অবস্থানে।
এছাড়া বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান ৬৬তম, নেপাল ৯২, চীন ৯৪ এবং ভারত ১৪৪তম অবস্থানে রয়েছে।
আনন্দবাজার/শাহী




