প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টসহ সরকারের বিভিন্ন প্রকল্প থেকে সহায়তা প্রদান করার ক্ষেত্রে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সিট ক্যাপাসিটি অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করানোর নির্দেশ প্রধানমন্ত্রীর।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের ৬ষ্ঠ সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি। উক্ত সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী জানান, শিক্ষা সহায়তার ক্ষেত্রে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেয়া হলে এবং প্রচার করা হলে অধিক সংখ্যক শিক্ষার্থী কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রতি আগ্রহী হবে। শিক্ষার্থীদের নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এছাড়া সরকারি বৃত্তি, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সহায়তা কীভাবে কাজে লাগাচ্ছে এবং তাদের সুবিধা-অসুবিধাগুলোর বিষয়ে মনিটরিং বাড়ানোর জন্যও জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনার জন্য সভায় এসব তুলে ধরেন ট্রাস্টের ম্যানেজিং ডিরেকটর নাসরিন আফরোজ।
আনন্দবাজার/শিক্ষার্থী




