ঢাকা | বুধবার
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষ প্রচারে আ.লীগ নেতা, ভোটের মাঠে উত্তাপ

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া আসনে এক ব্যতিক্রমী ও আলোচিত রাজনৈতিক ঘটনা ঘটেছে। ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক শফিউল আলম বাদশাকে বিএনপির প্রার্থী এনামুল হক এনমের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা গেছে। গত সোমবারের এই প্রচারণার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনার পাশাপাশি সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মধ্যে শফিউল আলম বাদশার রাজনৈতিক পরিচয় নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তিনি পটিয়ার সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ না দিয়েই ধানের শীষের পক্ষে প্রকাশ্যে মাঠে নামায় সাধারণ মানুষ ও নেটিজেনদের একাংশ এটিকে রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে দেখছেন।

এ ঘটনায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ পেয়েছে। তাঁদের বক্তব্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকেই হঠাৎ করে নিজেদের বিএনপির কর্মী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, যা দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের জন্য হতাশাজনক। দলীয় শৃঙ্খলা ভেঙে এভাবে ভিন্ন রাজনৈতিক ঘরানার সুবিধাবাদীদের গুরুত্ব দেওয়া হলে ভবিষ্যতে দলে কোন্দল ও বিশৃঙ্খলা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে শফিউল আলম বাদশা কৌশলী অবস্থান নেন। তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে বলেন, ব্যবসায়িক কারণে সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক রাখা প্রয়োজন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনা এবং রাজনৈতিক আনুগত্য পরিবর্তনের বিষয়ে বিস্তারিত প্রশ্ন করা হলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে তিনি দ্রুত ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

সংবাদটি শেয়ার করুন