ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মামুনুল হকের খেলাফত মজলিসের যে ২০টি আসনে প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী জোট ২৫৩টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। জোটের অংশীদার হিসেবে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে নির্বাচনে অংশ নেবে।

জোট সূত্রে জানা গেছে, খেলাফত মজলিস যে আসনগুলোতে প্রার্থী দেবে তার মধ্যে রয়েছে সিরাজগঞ্জ-৩, ময়মনসিংহ-২, নেত্রকোনা-১, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-৩, ঢাকা-১৩, গাজীপুর-৩, নরসিংদী-৩, ফরিদপুর-২, গোপালগঞ্জ-২, মাদারীপুর-২, শরীয়তপুর-১, সুনামগঞ্জ-৩, মৌলভীবাজার-৪, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-১, চট্টগ্রাম-৫, রাঙামাটি, কিশোরগঞ্জ-১ এবং ফরিদপুর-৪। এসব আসনে দলটি ইতোমধ্যে নিজস্ব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন সমঝোতার বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, জোটের মধ্যে মোট ২৫৩টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রার্থী দেবে।

এছাড়া জোটের অন্যান্য শরিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি আসনে নির্বাচন করবে। পাশাপাশি আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন সমঝোতা নিয়ে জোটভুক্ত দলগুলোর মধ্যে একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে বুধবার (১৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে সমঝোতা ঘোষণা করার কথা থাকলেও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।

এরপর বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া জোটভুক্ত বাকি ১০টি দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মধ্যেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে জোট নেতৃত্ব। সব আলোচনা শেষে ওই রাতেই ১১ দলীয় জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন