চরমোনাই পীরের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিমূলক লেখালেখি বন্ধের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, জামায়াতের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে কোনোভাবেই ভ্রাতৃপ্রতিম সংগঠনকে আঘাত করা উচিত নয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান ডা. শফিকুল ইসলাম।
পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় সহকর্মী ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি লক্ষ্য করছি, কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগমাধ্যমে করছেন।’
তিনি আরও বলেন, ‘আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ—আপনারা যদি সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে এ ধরনের অনভিপ্রেত কর্মকাণ্ড থেকে অবশ্যই বিরত থাকবেন।’
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন ও গণভোট আলাদা করার দাবিতে নির্বাচন পূর্ব সময়ে একসঙ্গে কর্মসূচি পালন করছিল ইসলামী আদর্শভিত্তিক আটটি দল। এসব দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
পরবর্তীতে আসন সমঝোতার মাধ্যমে দলগুলো একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর এই সমঝোতায় যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।




