নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে স্বস্তির খবর। ফেব্রুয়ারি মাসের শুরুতে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা কয়েক দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে, যা কর্মজীবীদের জন্য বাড়তি আনন্দ যোগাচ্ছে।
কর্মব্যস্ততার কারণে অনেক সময় সাপ্তাহিক ছুটিগুলো ব্যক্তিগত ও পারিবারিক কাজেই কেটে যায়। ফলে ভ্রমণ বা অবসর কাটানোর সুযোগ পাওয়া যায় না। তবে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে স্বল্প সময়ের মধ্যেই ভ্রমণ বা বিশেষ কোনো পরিকল্পনা করার সুযোগ তৈরি হয়।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে, যা চাঁদ দেখা সাপেক্ষে কার্যকর হবে। দিনটি বুধবার হওয়ায়, ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একদিন ছুটি নিলেই সরকারি কর্মচারীরা টানা চার দিনের অবকাশ পাবেন। কারণ পরদিন ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে আরও ১৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নয় দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। পাশাপাশি মুসলিম ধর্মীয় পর্বে পাঁচ দিন, হিন্দু ধর্মীয় পর্বে নয় দিন, খ্রিষ্টান ধর্মীয় পর্বে আট দিন, বৌদ্ধ ধর্মীয় পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে।




