ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

২২ জানুয়ারি থেকে প্রিজাইডিং অফিসারদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) আগামী ২২ জানুয়ারি থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে। বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই প্রশিক্ষণ কার্যক্রম ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এতে ৮ লাখের বেশি কর্মকর্তাকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণে মোট ২ লাখ ৯২ হাজার ৪৯০ জন কর্মকর্তা জড়িত ছিলেন। এর মধ্যে ছিলেন ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা, ৫৭৭ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ১৮ হাজার ২০৮ জন প্রিজাইডিং অফিসার, ৯১ হাজার ২১৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ লাখ ৮২ হাজার ৪২৬ জন পোলিং অফিসার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৬ লাখ ৮ হাজার ৫৮৪ কর্মকর্তা দায়িত্বে ছিলেন, যেখানে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সংখ্যা ছিল ২ লাখ ৭ হাজার ৩১২ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩ লাখ ৮৮ হাজার ৬৬৬ কর্মকর্তা দায়িত্বে ছিলেন, যার মধ্যে প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ১৪৮ জন ও সহকারী প্রিজাইডিং অফিসার ৮৪ হাজার ২৯৬ জন ছিলেন।

নির্বাচন তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা সংক্রান্ত শুনানি হবে, ২০ জানুয়ারি শেষ হবে মনোনয়ন প্রত্যাহারের সময়। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ নির্ধারিত হয়েছে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন