ঢাকা | সোমবার
২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের অর্থায়নে পরিচালিত দলে থাকার প্রশ্নই আসে না: রেজা কিবরিয়া

গণ অধিকার পরিষদ ছাড়ার বিষয়ে ড. রেজা কিবরিয়া বলেছেন, যে রাজনৈতিক দল ইসরাইলের অর্থায়নে পরিচালিত হয়, সেই দলে তার পক্ষে থাকা সম্ভব নয়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নিজের রাজনৈতিক পথচলা ও দল পরিবর্তনের প্রসঙ্গে রেজা কিবরিয়া জানান, শুরুতে তিনি গণফোরামের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেখানে অভ্যন্তরীণ কোন্দল ও মতবিরোধের কারণে দলটি বিভক্ত হয়ে পড়ে। বিশেষ করে সংসদে যোগ দেওয়া বা বর্জন করা নিয়ে ভিন্নমতের সৃষ্টি হয়—এক পক্ষ সংসদ বর্জনের পক্ষে থাকলেও অন্য পক্ষ সংসদে যাওয়ার পক্ষে অবস্থান নেয়।

গণ অধিকার পরিষদে যোগদানের প্রসঙ্গে তিনি বলেন, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর অনুরোধ ও পরামর্শে তিনি ওই দলে যোগ দিয়েছিলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি তার গভীর শ্রদ্ধার কথা উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, সে কারণেই তিনি সেখানে কিছুদিন ছিলেন, তবে দীর্ঘদিন থাকার কোনো সুযোগ বা প্রশ্নই ওঠে না।

তিনি আরও অভিযোগ করেন, গণ অধিকার পরিষদ ইসরাইলের সঙ্গে সম্পৃক্ত এবং ইসরাইলি অর্থায়নে পরিচালিত হচ্ছে বলে তার কাছে তথ্য আসে। রেজা কিবরিয়ার ভাষ্য অনুযায়ী, এমন একটি দলে থাকা তার নৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক, তাই তিনি দলটি ছাড়ার সিদ্ধান্ত নেন।

রেজা কিবরিয়া জানান, বিষয়টি শুরুতে তার জানা ছিল না। পরবর্তীতে সংশ্লিষ্ট বৈঠকের তথ্য গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নূরুল হক নূরের সঙ্গে তিনটি স্থানে মোসাদের বৈঠক হয়েছে—এমন তথ্য সামনে আসার পর তিনি বিষয়টি নিশ্চিত হন বলে দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন