রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলার শুনানি মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
প্রথম মামলায় শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ মোট ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।
অপর মামলায় একই দিনে অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের নাম উল্লেখ রয়েছে।
উভয় মামলায় শেখ হাসিনা এবং ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ করেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে সরকারি প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। অন্যান্য আসামির মধ্যে রয়েছেন—জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম এবং উপ-পরিচালক নায়েব আলী শরীফ।
পরবর্তীতে মামলায় যুক্ত হন শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।




