ঢাকা | বুধবার
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে চূড়ান্ত হলো জামায়াত জোটের আসন সমঝোতা

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা চূড়ান্ত করেছে। টানা কয়েক দিন ধরে আলোচনা ও দরকষাকষি শেষে শনিবার রাতে দলগুলো এ সিদ্ধান্তে পৌঁছেছে। শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ রোববার (১১ জানুয়ারি) বিকেল অথবা সোমবার এই সমঝোতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

জামায়াতের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তারা মোট ১৯০টি আসন নিজেদের জন্য রাখবে এবং বাকি ১১০টি আসন অন্যান্য শরিক দলের সঙ্গে সমঝোতায় দিতে চায়। দলের অভ্যন্তরীণ জরিপের ভিত্তিতে ১৭০টি আসন নির্দিষ্ট করা হয়েছে, যেগুলোতে অন্য কোনো দলকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেই। এছাড়া আরও ২০টি আসন রয়েছে, যেখানে পর্যবেক্ষণ শেষে সমঝোতা করা হবে। এই ২০টি আসনে জামায়াত নিজস্ব প্রার্থী দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে, যাতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করা যায়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১ দলের মধ্যে মোটামুটি একটি সমঝোতায় পৌঁছানো গেছে। সমঝোতার অংশ হিসেবে ইসলামী আন্দোলনকে ৪০টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টি ও ৭টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৪টি, এবি পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসন দেওয়ার বিষয়ে জামায়াত সম্মত হয়েছে।

তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ৪০টির বাইরে আরও কিছু আসন দাবি করছে। শেষ কয়েক দিনে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের একাধিক বৈঠক হয়েছে। জনপ্রিয়তা ও প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতে জামায়াত হয়তো আরও কিছু আসন ছাড় দিতে পারে।

এবিএ পার্টিকে তিনটি আসনে ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে ফেনী-২ আসনে চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বরিশাল-৩ আসনে সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ) এবং পটুয়াখালী-১ আসনে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনা প্রার্থী হয়েছেন। তবে আসন সমঝোতা চূড়ান্ত হলে জামায়াতের প্রার্থী সেই আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন।

বিডিপিকে দুটি আসন দেওয়া হয়েছে। দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম ময়মনসিংহ-৯ আসনে এবং মহাসচিব নিজামুল হক নাঈম ভোলা-৩ আসনে নির্বাচনে অংশ নেবেন। খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও চলমান, এক বা দুটি করে আসন এই দলগুলো পেতে পারে বলে সূত্র জানিয়েছে।

জামায়াতের যুগপৎ সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, আসন সমঝোতা মোটামুটি চূড়ান্ত হয়েছে। আজ বা আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা করা হবে এবং এর জন্য প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন