ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিন রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে শুরু হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ক্রমিক নম্বর ৭১ থেকে ১৪০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি গ্রহণ করবেন।
এর আগে শনিবার শুনানির প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর এবং ১৫টি নামঞ্জুর করা হয়। তথ্যগত অসংগতির কারণে ৩টি আপিলের শুনানি মুলতবি রাখা হয়েছে। মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে ৫১ প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষিত একজন প্রার্থীর আপিল বাতিল হয়েছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।
আগামী দিনের সূচি অনুযায়ী সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আপিল শুনানির পর ফলাফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি, সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত রায়ের অনুলিপি নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।




