ঢাকা | বুধবার
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে শীতের তীব্রতা বাড়তে পারে

কনকনে শীতের তীব্রতা কিছুটা কমলেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখনও ৮ ডিগ্রির কাছাকাছি রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট অব্যাহত থাকলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, ফলে শীতের অনুভূতি আরও বেড়ে যেতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্তমানে যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া সহ রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আগামী দুইদিনও দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হতে পারে।

তিনি আরও জানান, রোববার ও সোমবার (১১-১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। প্রথম দিন রাতের তাপমাত্রা সামান্য বেড়ে গেলেও পরের দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কমতে পারে। বুধ ও বৃহস্পতিবার (১৪-১৫ জানুয়ারি) দিনের তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে এই দিনগুলোতে আবহাওয়া শুষ্ক থাকবে এবং কুয়াশার প্রবণতা বজায় থাকতে পারে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

সংবাদটি শেয়ার করুন