ঢাকা | বুধবার
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

১৬ মাসে আমি সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল দাবি করেছেন, গত ১৬ মাসে বাংলাদেশে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন তিনি নিজে। তিনি বলেন, “আমি চ্যালেঞ্জ করেছি, ‘আমার বিরুদ্ধে হয়েছে?’ প্রথম চার মাসে শুধু আমার ওপর চারটি ডেডিকেটেড ভিডিও তৈরি করা হয়েছে।”

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, “আমি ১৫ বছর পাকিস্তানের দালাল ছিলাম, এখন হঠাৎ ভারতের দালাল হয়ে গেছি। আমার পরিবার ইতোমধ্যেই আমেরিকায় চলে গেছে। যেই মিথ্যুক ও বদমাইশরা আমার বিরুদ্ধে প্রচার করেছে, তাদের কেউ কিছু বলেছে কি?”

ড. আসিফ নজরুল বলেন, জুলাইয়ের মামলার জামিনের বিষয়ে তার কোনো হাত নেই। তিনি ব্যাখ্যা করেন, “বাংলাদেশে জুলাইয়ের ঘটনায় যত জামিন হয়েছে, তার ৯০ শতাংশ হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে। হাইকোর্টের বিচারক যদি জামিন দেন, ভুল হলে সেটা বিচারকের দোষ। তাদের নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির হাতে। আইনমন্ত্রী এখানে কিছু করতে পারেন না।” তিনি আরও বলেন, “হাইকোর্টের বিচারক যদি অন্যায়ভাবে জামিন দেন, আমি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি? মূল দায়িত্ব প্রধান বিচারপতির।”

তিনি রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে তার বিরুদ্ধে দায় চাপানোর বিষয়টিও তুলে ধরেন। ড. আসিফ জানান, “আমার নাম ব্যবহার করে ভিউ এবং মনিটাইজেশন হয়। পাশাপাশি, বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাকে দুর্বল করা হয়।”

শেষে তিনি সবাইকে আত্মসমালোচনার আহ্বান জানান। তিনি বলেন, “ইসলাম ধর্মে আত্মসমালোচনার গুরুত্ব অনেক। আমাদের উচিত সবার মতামত, সীমাবদ্ধতা ও শক্তিমত্তা বুঝে চলা, যাতে আমরা ধীরে ধীরে সংস্কারের পথে অগ্রসর হতে পারি।”

সংবাদটি শেয়ার করুন