সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সমিতির দাবি, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব এলপিজি সিলিন্ডার বিক্রয় ও সরবরাহ কার্যক্রম স্থগিত থাকবে। বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশে এই ঘোষণা দেওয়া হয়। নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলনও স্থগিত থাকবে।
এর আগে সমিতি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাদের দাবি তুলে ধরে। তারা জানায়, ২৪ ঘণ্টার মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয়, তবে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডারের বিক্রি বন্ধ থাকবে। দাবির মধ্যে রয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে সিলিন্ডারের মূল্য সমন্বয় করা এবং প্রশাসন দ্বারা পরিবেশকদের ওপর হয়রানি ও জরিমানা বন্ধ করা।
বুধবার রাত ১১টায় সমিতির সভাপতি সেলিম খান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিক্রি বন্ধ থাকবে। একই দিন বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দাবি মানা হলে সিলিন্ডার বিক্রি পুনরায় শুরু হবে, আর না হলে বিক্রি বন্ধই থাকবে।




