ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগর আসনে আসিফ মাহমুদের মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২৪ ডিসেম্বর) তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম, যিনি এনসিপির একজন কর্মী। বিষয়টি শুরুতে অনেকটা গোপন রাখা হলেও শনিবার তা নিশ্চিত হওয়া যায়।

জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী শনিবার গণমাধ্যমকে মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ তাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসিফ মাহমুদ মুরাদনগর আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।

মনোনয়নপত্র সংক্রান্ত রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এরই মধ্যে তিনি ওই আসনে ভোটার হয়েছেন এবং নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন। তবে কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র কেনার খবরে তার রাজনৈতিক পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন